টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত প্রশাসনিক সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন, নাগরিক সমস্যা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য আদান-প্রদান এবং সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে ইউএনও ফারজানা আক্তার উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জনস্বার্থে গঠনমূলক সাংবাদিকতাকে উপজেলা প্রশাসন সবসময় গুরুত্ব দেবে এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার এই সম্পর্ক অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স